Header Border

ঢাকা, রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.১৭°সে

নৃত্য একাডেমি নিয়ে নমিরার নতুন উদ্যোগ

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত তাশদিক নমিরা আহমেদ। এবার নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে চালু করতে যাচ্ছেন ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’। নৃত্যের প্রতি আগ্রহী শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এই একাডেমিতে।

২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নমিরা। প্রতিযোগিতায় হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে গ্র্যান্ড ফিনালেতে দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এরপর মডেলিং ও অভিনয়ে নিয়মিত কাজের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করেন। পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি পান। নাচের প্রতি ভালোবাসা থেকেই ভর্তি হন বুলবুল ললিতকলা একাডেমিতে। সেখানে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত নৃত্যশিক্ষক হিসেবে বাফায় দায়িত্ব পালন করেন তিনি।
এবার নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নৃত্যশিক্ষার জন্য একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তুলছেন নমিরা। তার উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’য় ক্লাস শুরু হবে আগামী মাস থেকে। সপ্তাহের শুক্র ও শনিবার চলবে প্রশিক্ষণ কার্যক্রম। এরই মধ্যে শুরু হয়েছে ভর্তির নিবন্ধন প্রক্রিয়া। নাচ শেখানোর পাশাপাশি এখানে বিভিন্ন সময়ে আয়োজন করা হবে নানা অনুষ্ঠান। নিজের এই উদ্যোগ প্রসঙ্গে তাশদিক নমিরা আহমেদ বলেন, ‘নিজের একটি ইনস্টিটিউশন গড়ে তোলার স্বপ্ন আমার অনেক দিনের। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এই একাডেমি শুধু ক্লাসিক্যাল নৃত্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে মডার্ন, ফোক, ফিউশনসহ বিভিন্ন ধারার নাচ শেখানোর ব্যবস্থা থাকবে।’
নাচের প্রতি আগ্রহ থাকলেও অনেকের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ নেই বলে মনে করেন নমিরা। এ প্রসঙ্গে তিনি বলেন, আগে ছুটির দিনে ছেলেমেয়েরা নাচ, গান কিংবা ছবি আঁকার ক্লাসে যেত। সময়ের সঙ্গে সেই চর্চা অনেকটাই কমে গেছে। বিষয়টি বিবেচনায় নিয়েই তার মনে হয়েছে, নৃত্যশিক্ষার প্রসারে একটি উদ্যোগ নেওয়া প্রয়োজন।
একাডেমির কার্যক্রম সম্পর্কে নমিরা জানান, এখানে প্রশিক্ষণের পাশাপাশি নৃত্য বিষয়ে নিয়মিত পড়াশোনার সুযোগ থাকবে। কোর্স শেষে নেওয়া হবে পরীক্ষা এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের দেওয়া হবে সনদপত্র। শিশু-কিশোরদের পাশাপাশি যেকোনো বয়সী মানুষ এখানে নাচ শেখার সুযোগ পাবেন।
নমিরার প্রত্যাশা, এই একাডেমি নৃত্যচর্চার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভা বিকাশেও ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মাটির গানের স্বীকৃতি পেলেন বাউলশিল্পী রুমী
বাউলসাধনায় স্বীকৃতি পেলেন রুমি সরকার
নিরাপদ ও আধুনিক নৌ খাত গড়ার অঙ্গীকারে বিশ্ব নৌ দিবস
শাহরিয়ার-সুমির হাত ধরে খিলগাঁওয়ে প্রো এক্স সিগনেচারের যাত্রা শুরু
ডাবিংকৃত প্রিভিউ কমিটিতে পিয়াল হাসান
শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা

আরও খবর