Header Border

ঢাকা, বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩১.৮°সে

শাকিব খানের ‘প্রিন্স’ দিয়ে যাত্রা শুরু কে-স্ক্রিন সিনেপ্লেক্সের

দেশজুড়ে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই সময় নতুন আশার আলো নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে আধুনিক সিনেপ্লেক্স ‘কে-স্ক্রিন’। কুমিল্লা ক্যান্টনমেন্টের গোমতী টাওয়ারের সপ্তম তলায় নির্মিত এই নতুন সিনেপ্লেক্সটি উদ্বোধন হতে যাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে।
উদ্বোধনী আয়োজনে থাকছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা। পাশাপাশি মুক্তি পেতে পারে আফরান নিশো অভিনীত ‘দম’, সিয়াম আহমেদ-এর ‘রাক্ষস’, নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘প্রেসার কুকার’ এবং তানিম নূর নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। এসব চলচ্চিত্র দিয়েই কে-স্ক্রিনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠা এই সিনেপ্লেক্সে দর্শকদের জন্য থাকছে আরামদায়ক পরিবেশ, সঙ্গে স্ন্যাকসের জন্য আলাদা কফিশপ, পপকর্ন ও আইসক্রিমের ব্যবস্থা। দর্শকদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এখানে সংযোজন করা হয়েছে ৫.১ ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম এবং থ্রি-ডি সিনেমা প্রদর্শনের সুবিধা।
জানা গেছে, কে-স্ক্রিনে থাকছে দুটি আলাদা হল—একটিতে ২২৫টি এবং অন্যটিতে ১৯৫টি আসন। ফলে একসঙ্গে বড় সংখ্যক দর্শক আধুনিক পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন।
সিনেপ্লেক্সটির সিইও ও চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু জানান, বর্তমান সময়ে অনেক দর্শক নিরাপত্তা ও পরিবেশগত কারণে প্রচলিত সিনেমা হলে যেতে আগ্রহ হারাচ্ছেন। সেই বিষয়টি মাথায় রেখেই উন্নত মানের পরিবেশ ও প্রযুক্তি নিয়ে কে-স্ক্রিন নির্মাণ করা হয়েছে, যাতে পরিবার নিয়ে নিশ্চিন্তে সিনেমা উপভোগ করা যায়।
অন্যদিকে কে-স্ক্রিনের পরিচালক ও প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, কুমিল্লার সিনেমাপ্রেমীদের জন্য এটি ঈদের বিশেষ উপহার। দীর্ঘদিন ধরে আধুনিক সিনেপ্লেক্সের অভাব অনুভব করছিলেন এখানকার দর্শকরা। এই উদ্যোগ সেই চাহিদা পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, কুমিল্লা শাখা দিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে আরও ২৫টি শাখা চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়াও এই সিনেপ্লেক্সে নিয়মিতভাবে দেশি-বিদেশি নির্বাচিত সিনেমা প্রদর্শনের পাশাপাশি গুণী চলচ্চিত্রকারদের স্মরণে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।
সবমিলিয়ে, বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলের ভিড়ে ‘কে-স্ক্রিন’ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফ্যাশনের নান্দনিকতায় মডেল জারা মনি
‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
ফিটনেসপ্রেমীদের নতুন গন্তব্য প্রো এক্স সিগনেচার জিম
‘ফেস অফ টুমোরো ২০২৬’-এ সাফল্য, নতুন স্বপ্ন নিয়ে মুনমুনের পথচলা
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নিবন্ধন পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি

আরও খবর