ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে দেশের সিনেমা অঙ্গন। আর মাত্র ১০ দিন বাকি থাকতেই মুক্তির দৌড়ে রয়েছে ছয়টি সিনেমা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে জোর প্রচার-প্রচারণা। পোস্টার, টিজার, গান ও ট্রেলার ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে দিন দিন। এক নজরে দেখে নেওয়া যাক এবারের ঈদের আলোচিত সিনেমাগুলো।

রকস্টার :
গত মাস থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে ‘রকস্টার’। প্রথমে সিনেমার লুক প্রকাশের পর আসে অ্যানিমেটেড টিজার, যেখানে দর্শকরা দেখেছেন ভিন্ন এক শাকিব খানকে। এরপর প্রকাশিত টিজারও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ছবিটি। আজমান রুশো পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সবিলা নূর।

মালিক :
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম জুটিকে নিয়ে নির্মাতা সাইফ চন্দন তৈরি করেছেন ‘মালিক’। সিনেমাটিকে ঘিরে চলছে নানা আলোচনা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে পোস্টার বা ট্রেলার প্রকাশ হয়নি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টার নতুন করে উন্মাদনা তৈরি করেছে ভক্তদের মধ্যে।

রইদ :
‘হাওয়া’র পর চার বছর বিরতি দিয়ে ‘রইদ’ নিয়ে ফিরছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটির পোস্টার ও ট্রেলার ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। প্রশংসা পাচ্ছে এর গানও। পরিচালক জানিয়েছেন, ঈদকে সামনে রেখে পরিকল্পনা অনুযায়ী চলছে সিনেমাটির প্রচারণা। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

নাকফুলের কাব্য:
প্রায় এক বছর আগেই সেন্সর সনদ পেলেও নানা কারণে মুক্তি পায়নি ‘নাকফুলের কাব্য’। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে, আসন্ন ঈদেই মুক্তি পাবে ছবিটি। অলোক হাসান পরিচালিত এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।

বনলতা সেন:
গত বছর মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসেনি ‘বনলতা সেন’। এবার নতুন অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে আবারও মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সরকারি অনুদানে নির্মিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। আর কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে।

পিনিক:
আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমাটি গত ঈদে মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। বড় তারকার সিনেমা ও হলসংখ্যার বিষয় বিবেচনায় নিয়ে প্রযোজক তখন মুক্তি থেকে সরে দাঁড়ান। পরে ঘোষণা আসে, ঈদুল আজহায় মুক্তি পাবে ছবিটি। তবে এখন পর্যন্ত সিনেমাটির প্রচারণায় তেমন সরবতা দেখা যায়নি।

৩৪.৫৫°সে
