Header Border

ঢাকা, শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩২.১২°সে

‘গুলশানের চামেলী’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা

পরিচালক মো. ইকবালের নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলী’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠান। নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলী এবং চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির পথচলা।

‘গুলশানের চামেলী’র মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। মহরত অনুষ্ঠানে অংশ নিতে তিনি কলকাতা থেকে ঢাকায় আসেন। সিনেমাটিতে তাঁর অংশগ্রহণ ইতোমধ্যে দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

অনুষ্ঠানে নিজের চরিত্র প্রসঙ্গে মধুমিতা সরকার বলেন, “আমি এর আগে এ ধরনের চরিত্রে কখনো অভিনয় করিনি। চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন এবং বেশ চ্যালেঞ্জিং। তাই শুরু থেকেই নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছি। আশা করছি, দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন।”

চলচ্চিত্রটি নিয়ে পরিচালক মো. ইকবাল বলেন, “‘গুলশানের চামেলী’ একটি ব্যতিক্রমধর্মী গল্পনির্ভর চলচ্চিত্র। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীতে নতুনত্ব আনার চেষ্টা করেছি। দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী সিনেমা নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছি। খুব শিগগিরই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। পর্যায়ক্রমে এর অন্যান্য শিল্পী, শুটিং এবং নির্মাণসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হবে।”

মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান, অভিনেতা ওমর সানী, চিত্রনায়িকা রোজিনা, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেতা মিশা সওদাগর, আশীষ খন্দকার, বরেণ্য নির্মাতা কাজী হায়াতসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

উপস্থিত অতিথিরা চলচ্চিত্রটির সফল নির্মাণ ও মুক্তি কামনা করেন। নির্মাতা মো. ইকবালও আশা প্রকাশ করেন, গল্প, অভিনয় এবং নির্মাণের বৈচিত্র্যের কারণে ‘গুলশানের চামেলী’ দর্শকদের কাছে একটি ব্যতিক্রমী চলচ্চিত্র হিসেবে গ্রহণযোগ্যতা পাবে।

উল্লেখ্য, এক্সেল ফিল্মস-এর ব্যানারে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলী’। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার। এর আগে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘সোনার চর’, ‘ঢাকাইয়া দেবদাস’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’

আরও খবর