Header Border

ঢাকা, বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.১৪°সে

ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি

ভাইবোনের নিঃস্বার্থ ভালোবাসা, পরিবারের টানাপোড়েন এবং তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের মর্মান্তিক পরিণতি নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’। হৃদয়স্পর্শী এই নাটকটি শিগগিরই ইউটিউবের ইউ টার্ন এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্তি পাবে।

নাটকটির গল্প ও ভাবনায় রয়েছেন রিপন খান। রচনা ও পরিচালনা করেছেন হৃদয় জাহান। প্রযোজনা করেছেন মো. মাহবুব আলম, আর নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন রিপন খান।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিপন খান, আঁখি চৌধুরী, নাওমি, রেবেকা রউফ, লিপু মামা, হাবিব খান, রাজা হাসান, সায়মন তারিক ও মিলনসহ আরও অনেকে। চিত্রগ্রহণ করেছেন আর ডি রাহুল, প্রধান সহকারী পরিচালক স্বপ্নীল, রূপসজ্জায় জাকির হোসেন এবং প্রোডাকশন ম্যানেজার শাহিন।

গল্পে দেখা যাবে, এক ছোট বোন তার ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য নিজের ভবিষ্যৎ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হয়। আরেকদিকে একজন তরুণী তার বেকার প্রেমিককে ভালোবেসে সমাজ ও পরিবারের চাপের মুখে অসহায় হয়ে পড়ে। দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক বৈষম্যের বাস্তবতায় দুই নারীর আত্মত্যাগই গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

নাটকের এক পর্যায়ে ছোট বোনের পড়াশোনা বন্ধ করে দেন তার বাবা। কিন্তু ভাই জোর করে তাকে আবার স্কুলে ফিরিয়ে নেয়। পরে ভাইয়ের কর্মসংস্থানের আশায় গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির বিয়ের প্রস্তাবে নাবালিকা হয়েও রাজি হয় মেয়েটি, শুধুমাত্র ভাইকে অর্থনৈতিকভাবে দাঁড় করানোর আশায়। সেই অর্থ নিয়ে ভাই ঢাকায় পাড়ি জমায় নতুন জীবনের সন্ধানে।

অন্যদিকে নায়িকার বেকারত্বের কারণে তার বাবা ধনী পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে দেন। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণায় প্রেমিকা আত্মহত্যার পথ বেছে নেয়। একই সময়ে অনিচ্ছাকৃত বিয়ের ভয় ও অসহায়ত্বে ছোট বোনও বিষপান করে আত্মহত্যা করে।

সবকিছু গুছিয়ে গ্রামে ফিরে এসে ভাই আবিষ্কার করে, তার জীবনের সবচেয়ে প্রিয় দুটি মানুষ আর বেঁচে নেই। সেই শোক তাকে মানসিকভাবে ভেঙে দেয়।

নির্মাতার ভাষ্য, ‘ভাইবোনের ভালোবাসা’ শুধু একটি পারিবারিক নাটক নয়, এটি এমন এক বার্তা বহন করে যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনোই আবেগ বা তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডাবিংকৃত প্রিভিউ কমিটিতে পিয়াল হাসান
শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা
নতুনদের সম্ভাবনায় আলোকিত ফ্যাশনের রানওয়ে
বোরহান খানের প্রযোজনায় টেলিফিল্ম ‘গহিনের দীর্ঘশ্বাস’
‘হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যায় সম্মানিত ঊর্মি আহমেদ
মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মা সেলিনা আক্তার প্রিয়া

আরও খবর