কোরবানির ঈদের খুব বেশি দেরি নেই। মাংস খাওয়ার এই মৌসুমে সিনেমা হলেও ভিড় জমে বেশ। মুক্তির দৌড়ে ১০টি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি ঈদের ছবির লাইনআপ। শেষ পর্যন্ত কোনটি আসবে, কোনটি পেছাবে এখন অনেকটাই পরিষ্কার সেটা। ছবিগুলোর বক্স অফিস দৌড় নিয়েও অনেকেই করছেন অনেক রকম ধারণা।
তাণ্ডব
পরিচালনা— রায়হান রাফী
অভিনয়— শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, এফ এস নাঈম, ডা. এজাজ, রোজী সিদ্দিকী প্রমুখ।
শাকিব খান আর রায়হান রাফী জুটির সঙ্গে চরকি আলফা আই। নি:সন্দেহে এবারের ঈদের সবচেয়ে বড় ছবি তাণ্ডব। সিনেমা হলের শো থেকে শুরু করে বক্স অফিস এই ছবি মুক্তির আগেই আলোচনায়। তবে শাকিব খানের বরবাদীয় সাফল্যের তুলনায় তাণ্ডব কেমন করে এখন দেখার বিষয় সেটাই। ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত।
টগর
অভিনয়— আদর আজাদ, পূজা চেরী, সুমন আনোয়ার, রোজী সিদ্দিকী, আজাদ আবুল কালাম প্রমুখ।
পরিচালনা— আলোক হাসান
এই ছবিটিকে সবাই বলছে এবার ঈদের ডার্ক হর্স। টিজার এবং প্রকাশিত ১০০% দেশি গান দিয়ে জমজমাট মাসালা মুভির জানান দিচ্ছে। আদর আজাদ- পূজা চেরী জুটির দ্বিতীয় ছবি। এই ছবিটি সবাইকে চমকে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই ছবিটিও এরই মধ্যে সেন্সরে জমা পড়েছে।
ইনসাফ
অভিনয়— শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ
পরিচালনা— সঞ্জয় সমদ্দার
শরিফুল রাজকে প্রথম বাণিজ্যিক আর অ্যাকশন ধাঁচে মিলবে। বোনাস হিসেবে আছেন মোশাররফ করিম। গুণী নির্মাতা সঞ্জয় সমাদ্দার ওপারের জিতের প্রযোজনায় সাফল্য না পেলেও এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজিমাত করতে চাইছেন। এই ছবিটিও সেন্সরে জমা পড়েছে।
নীলচক্র
অভিনয়— আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, টাইগার রবি, সাহেদ আলি, প্রিয়ন্তী উর্বি প্রমুখ
পরিচালনা— মিঠু খান
আরেফিন শুভর কামব্যাক ছবি। সিনেমার ট্রেলার দেখে মনে হলো বিষয়টি নতুন। তাই যথেষ্ট চ্যালেঞ্জ আছে। তবে শুভর একটা ফ্যানবেইস আছে। ছবিটি অনেক আগেই সেন্সর হয়েছে।
এশা মার্ডার: কর্মফল
অভিনয়— আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার প্রমুখ।
পরিচালনা— সানী সানোয়ার
বারবার মুক্তি পেছালেও এবার ঈদে ছবিটি আসছে এটা চূড়ান্ত। তবে এই ছবিটি মূলত ওটিটি প্লাটফর্ম বিঞ্জের জন্য নির্মাণ করা হয়েছে। মাল্টিপ্লেক্স টার্গেট করে ঈদে মুক্তির দৌড়ে যুক্ত হয়েছে, সিঙ্গেল স্ক্রীনে সেভাবে আসবে বলে মনে হয় না।
সর্দার বাড়ির খেলা
অভিনয়— জিয়াউল রোশান, শবনম বুবলী, আজাদ আবুল কালাম, শহিদুজ্জামান সেলিম প্রমুখ
পরিচালনা— রাখাল সবুজ
পুলসিরাত নাম থেকে পরিবর্তিত হয়ে সর্দার বাড়ির খেলা নামে সেন্সর সনদ পেয়েছে ছবিটি। শবনম বুবলী ও জিয়াউল রোশান অভিনীত ছবিটি সরকারী অনুদানে নির্মিত। ঈদে মুক্তি এরই মধ্যেই চূড়ান্ত করেছে। প্রকাশ পেয়েছে অফিসিয়াল পোস্টার। রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
উৎসব
অভিনয়— জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, সাদিয়া আয়মান, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
পরিচালনা— তানিম নূর
টিভি তারকাদের নিয়ে নির্মিত এই ছবিটি নেটিজনদের ধারণা ওটিটি প্লাটফর্মের জন্য বানানো। হল রিলিজে টার্গেট দেশের সিনেপ্লেক্স গুলো। এটিও ঈদে মুক্তি চূড়ান্ত করেছে।
এর বাইরে অনিক বিশ্বাস পরিচালিত নিরব অভিনীত ’শিরোনাম’, রকিবুল আলম রকিব পরিচালিত রাসেল মিয়া ও জলি অভিনীত ‘গোয়ার’, ফরহাদ হোসেন পরিচালিত শ্যামল মাওলা অভিনীত ‘নাদান’, জাহিদ জুয়েল পরিচালিত আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’সহ আরো কিছু ছবি ঈদে মুক্তির আওয়াজ দিলেও শেষ পর্যন্ত আর দৌড়ে নেই সেটা অনেকটাই চূড়ান্ত।

২১.১৯°সে
