মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নয়নাভিরাম চা বাগান আর মেঘ-পাহাড়ের মিতালীতে শেষ হলো নতুন টেলিফিল্ম ‘গহিনের দীর্ঘশ্বাস’-এর শুটিং। এই টেলিফিল্মের মাধ্যমে আরও একটি নান্দনিক প্রজেক্ট যুক্ত হতে যাচ্ছে টেলিভিশন দর্শকদের তালিকায়। টেলিফিল্মটির কাহিনি রচনার পাশাপাশি এর প্রযোজনা করেছেন উদীয়মান পরিচালক বোরহান খান। খুব দ্রুতই একটি দেশের প্রথম সারির একটি স্যাটেলাইট টিভিতে টেলিফিল্মটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।
নাটকটি পরিচালনা করেছেন ফরিদ আহমেদ রনি। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এল আর খান সীমান্ত, আল মামুন রূপান্ত, বাঁধন খান, মেরাজ তূর্জ, ফাহাদ সরদার, রোহান সরকার, সাদিয়া আমিন একা, শফিকুল ইসলাম, ইকফাত শেখ মারিয়া এবং ইমরান সানি। এছাড়া সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন এস এম রনি। প্রযোজনা প্রতিষ্ঠান ‘ড্রিমস ইন ফ্রেম’-এর ব্যানারে এটি নির্মিত হয়েছে।
নাট্যনির্মাতা ও উদ্যোক্তা বোরহান খানের ক্যামেরার পেছনে তার নিয়মিত ও বৈচিত্র্যময় উপস্থিতি লক্ষণীয়। তার প্রযোজনায় ও নির্দেশনায় এর আগে একাধিক দর্শকপ্রিয় টিভি সিরিজ, একক নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র, স্বল্পদৈল্প্য চলচ্চিত্র (শর্ট ফিল্ম) এবং প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে। ভিজ্যুয়াল মিডিয়ার বিভিন্ন শাখায় তার এই বহুমুখী চর্চা তাকে ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি দিয়েছে।
পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি সাহিত্য অঙ্গনেও বোরহান খানের সরব ও সফল উপস্থিতি রয়েছে। নাটকের চিত্রনাট্য বা স্ক্রিপ্ট লেখার পাশাপাশি তিনি উপন্যাস ও কবিতার বই লিখেছেন। তার পাঠকনন্দিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘সবুজ প্রেম’, একশন থ্রিলার উপন্যাস ‘অপারেশন কার্গো নিক্স’ এবং ‘শিশুর দেখা ৭১’।
‘গহিনের দীর্ঘশ্বাস’ নাটকের পুরো টিম আশাবাদী যে, শ্রীমঙ্গলের চমৎকার লোকেশন ও মানসম্মত গল্পবুনন দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। পোস্ট-প্রোডাকশনের কাজ গুছিয়ে খুব শীঘ্রই নাটকটি টিভি পর্দার দর্শকদের সামনে হাজির করা হবে।

৩০.৮৩°সে
