Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩২.৩৮°সে

পর্দায় ফিরলেন অভিনেত্রী অনন্যা অনু

দীর্ঘ প্রায় তিন বছরের বিরতি ভেঙে আবারও চিরচেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন এ সময়ের অভিনয়শিল্পী অনন্যা অনু। মূলত পড়াশোনা এবং পারিবারিক কিছু ব্যস্ততার কারণেই এতদিন মিডিয়াঙ্গন থেকে দূরে ছিলেন তিনি। তবে নিজেকে নতুনভাবে গুছিয়ে নিয়ে এবার পুরো দমে নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন এই গ্ল্যামারাস কন্যা।

দীর্ঘ এই বিরতি কাটিয়ে গত ১লা জুলাই রুব্রিক কমিউনিকেশনস লিমিটেডের প্রযোজনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রমোশনাল ডকুমেন্টারির মাধ্যমে শুটিংয়ে ফেরেন অনু।

নতুন করে ফেরা প্রসঙ্গে উচ্ছ্বসিত অনু বলেন, ‘অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ।’

নতুন ইনিংস শুরু করা নিয়ে অনু তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘এখন থেকে আমি নিয়মিত অভিনয় করতে চাই। তবে গড়পড়তা কাজের চেয়ে গল্পনির্ভর, মানসম্মত এবং দর্শকদের মনে দাগ কাটতে পারে—এমন সিলেক্টিভ কাজ করতেই আমি বেশি আগ্রহী। আমি বিশ্বাস করি, একটি ভালো গল্প আর যোাগ্য চরিত্রই একজন শিল্পীর আসল পরিচয় তৈরি করে। তাই সামনে আরও ভালো কিছু কাজের মাধ্যমে দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চাই।’

ক্যামেরার সামনে অনুর পথচলা অবশ্য বেশ পুরোনো। নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে তিনি জানান, ২০১৫ সালে অভিনয়ে তার অভিষেক ঘটে। শুরু থেকেই তিনি বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বংশের চাবী’, ‘কটকটি’, ‘ব্লাক মানি’, ‘ডিবি’, ‘ফ্যামিলি ডিসটেন্স’, ‘সাগর পাড়ের মেয়েটি’, ‘বংশ মর্যাদা’, ‘লেডি গোয়েন্দা’, ‘নায়িকার বিয়ে ২’, ‘মি. পারফেক্ট’ এবং ‘চাপাবাজ’। ছোটপর্দার পাশাপাশি ‘বউ’ নামের একটি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি শোবিজ অঙ্গনে একজন সফল মডেল হিসেবেও অনুর বেশ সুনাম রয়েছে। জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি বিউটি পেজেন্টে অংশ নিয়ে তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। ২০১৭ সালে ‘সুপার মডেল বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন তিনি। এরপর ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ সেরা দশে জায়গা করে নেওয়ার পাশাপাশি অর্জন করেন ‘মিস স্মাইলি’ খেতাব। এখানেই শেষ নয়, ২০২১ সালে ‘ফেস অব এশিয়া বাংলাদেশ’ প্রতিযোগিতাতেও সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন এই গুণী মডেল-অভিনেত্রী।

অভিনয়কে সবসময় নিজের ভালোবাসার জায়গা উল্লেখ করে অনন্য অনু ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চেয়েছেন। দর্শকদের ভালোবাসাকে পুঁজি করেই আগামীতে আরও চমৎকার সব কাজ উপহার দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বোরহান খানের প্রযোজনায় টেলিফিল্ম ‘গহিনের দীর্ঘশ্বাস’
‘হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যায় সম্মানিত ঊর্মি আহমেদ
প্রকাশ পেল জামিল-মুনমুনের ‘আজব শহর’
ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
রূপ আর মেধার মেলবন্ধন নওরিন
তারকা নয়, ভালো শিল্পী হওয়ার স্বপ্ন আতিকা আফসানার

আরও খবর